সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় কর্মচারী সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম
৪৬৩ Shares
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট...

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত ব্যক্তির পরিচয় কিংবা পদমর্যাদা যা-ই হোক না কেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চালানো হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পাসের স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করা, নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপদ ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।

সূত্র: কালবেলা