সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বিজ্ঞাপন | আর্টিকেল টপ

আমাদের নিউজ পোর্টালে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন

বিজ্ঞাপন →

সুন্দরবনের পাশে ১৮ অনুমোদনহীন রিসোর্ট বন্ধের চূড়ান্ত নির্দেশ

Super Admin
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৫ পিএম
৭৮৭ Shares
সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট ও পর্যটন স্থাপনা। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট ও ইকো-কটেজ বন্ধের চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর আগে দুই দফা নোটিশ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ গত রোববার (৪ অক্টোবর) সংশ্লিষ্ট রিসোর্ট মালিকদের লিখিতভাবে চূড়ান্ত নোটিশ দেন। মঙ্গলবার (৬ অক্টোবর) খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সরদার শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশ অনুযায়ী, ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টিকে ৩০ দিনের মধ্যে এবং আটটিকে ১৫ দিনের মধ্যে সব স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রিসোর্টগুলোর কার্যক্রম বন্ধ করে বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে লিখিতভাবে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশের ১০ কিলোমিটার এলাকাকে সরকার ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ECA) হিসেবে ঘোষণা করেছে। এ এলাকায় নির্দিষ্ট কিছু কার্যক্রম নিষিদ্ধ। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তরের পূর্বানুমতি ছাড়াই এসব রিসোর্ট স্থাপন করে পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থলের ওপর বিরূপ প্রভাব সৃষ্টি করা হচ্ছে।

চূড়ান্ত নোটিশে বলা হয়েছে, নির্দেশনা অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং নিয়মিত মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোটিশ পাওয়া ১৮টি প্রতিষ্ঠান হলো—সুন্দরী, ইরাবতী, অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, বনমালী, গোলকানন, পিয়ালী, ম্যানগ্রোভ, জঙ্গলবাড়ী, বনবাস ও বনলতা ইকো কটেজ।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে মালিকরা নিজেরা স্থাপনা সরিয়ে না নিলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।